ভোলার দৌলতখানের নেয়ামতপুর চর থেকে মহিষ ডাকাতির প্রস্তুতির সময়ে আগ্নেয়াস্র সহ চার ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড।
জানা যায়, বৃহস্পতিবার ভোররাত থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা গোপন সংবাদের ভিত্তিতে চরে ডাকাতের আস্তানায় বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ তাদের আটক করে।
আটকৃত ডাকাতরা ভোলা জেলার বিভিন্ন চরাঞ্চলে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
কোস্ট গার্ডের দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের জানান, আটককৃতরা হচ্ছেন, উপজেলার চর পাতা ইউনিয়নের কয়সর মাঝি (৬০), তার ছেলে মো. আপন, ভবানীপুর ইউনিয়নের মফিজ খন্দকার (৬০) ভোলা সদর ধরিয়াম শংকর গ্রামের কবির পঞ্চায়েত (৬২)।
তাদের থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ ও দুই রাউন্ড ফাঁকা কার্তুজ, চারটি দেশীয় অস্ত্র এবং ডাকাতের কাজে ব্যবহৃত তিনটি ইঞ্জিন চালিত বোট উদ্ধার করা হয়।
দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম আমার দেশকে বলেন, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা করা হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-8adb8e-720x405.webp)