লেবাননে ইসরাইলের চলমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। শনিবার লেবাননে ইসরাইলি হামলায় ১১ জন নিহত হয়। এ হামলাকে ‘বিপজ্জনকভাবে উত্তেজনা’ উল্লেখ করে আরব লীগ বলছে, এর ফলে চলমান সংঘাত নিরসনের সব প্রচেষ্টাকে ভেস্তে দেওয়ার হুমকি সৃষ্টি হচ্ছে।
আরব লীগের মুখপাত্র বলেন, ইসরাইলের নীতি ও কার্যকলাপ ‘সংঘাত দীর্ঘায়িত করা, আলোচনায় বাধা দেওয়া এবং এমন এক নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়ার অভিপ্রায়কে নির্লজ্জভাবে প্রকাশ করে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও প্রত্যাখ্যাত’।
মুখপাত্র সতর্ক করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ওয়াশিংটন যদি ইসরাইলের ‘যুদ্ধযন্ত্র’ বন্ধ না করে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব মেনে চলতে বাধ্য না করে, তাহলে এই সংঘাত আরো ছড়িয়ে পড়তে পারে।
২০০৬ সালে গৃহীত ওই প্রস্তাবে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে শত্রুতার পূর্ণ অবসানের আহ্বান জানানো হয়। এতে হিজবুল্লাহর সব ধরনের হামলা এবং ইসরাইলের সব আক্রমণাত্মক সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার কথা বলা হয়েছে।
এর আগে লেবানন ও ইরানের সরকারও শনিবারের এই হামলার নিন্দা জানিয়েছিল।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


