চরম আতঙ্কে দিন কাটাচ্ছে ইয়েমেনবাসী

চরম আতঙ্কে দিন কাটাচ্ছে ইয়েমেনবাসী
ছবি: এপি

ইয়েমেনে ইরান সমর্থিত হুথিদের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হওয়ায় সরকার নিয়ন্ত্রিত এলাকার বাসিন্দাদের মধ্যে আবারও সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তারা বলছেন, পরিস্থিতি আবার আগের মতো ভয়াবহ হয়ে উঠতে পারে।

হুথিদের হামলার শিকার বন্দরনগর আল-মাখার বাসিন্দা নাজেম হামুদ আল-ওয়াহবানি বলেন, ‘সবাই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।’

বিজ্ঞাপন

বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘প্রতিদিন হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মাথার ওপর দিয়ে উড়ে যায়। দূরে গোলাবর্ষণের শব্দ শুনি। তবে ভয় হয়, কাল হয়তো হামলাটি আমাদের একেবারে কাছেই হতে পারে।’

আবার ঘর ছাড়ার চিন্তা

আল-মাখার উত্তরে আল-খোখা এলাকায় বসবাস করেন মোহাম্মদ আলি। এর আগে হোদেইদা প্রদেশে সংঘাতের কারণে তাকে বাড়িঘর ছেড়ে আল-খোখায় আশ্রয় নিতে হয়েছিল।

নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় তিনি আবারও পরিবার নিয়ে অন্যত্র চলে যাওয়ার কথা ভাবছেন।

এএফপিকে মোহাম্মদ আলি বলেন, আল-খোখায়ও যদি লড়াই পৌঁছে যায়, তাহলে ‘সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে। এর মধ্যে আমার ভবিষ্যৎ এবং আমার সন্তানদের ভবিষ্যৎও থাকবে।’

দীর্ঘদিনের সংঘাত

ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয় ২০১৪ সালে। একদিকে রয়েছে হুথিরা। অন্যদিকে রয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি আরব সমর্থিত সরকার।

দীর্ঘ এই সংঘাতে দেশটিতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। সংঘাত ইয়েমেনকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তেও ঠেলে দিয়েছে।

২০২২ সালে একটি যুদ্ধবিরতির ফলে দেশটিতে তুলনামূলক শান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে গত মাসে আবারও লড়াই শুরু হয়।

হুথিরা সৌদি আরবের একটি বিমানবন্দর ও তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর পর নতুন করে উত্তেজনা বাড়ে। হুথিদের অভিযোগ ছিল, তাদের নিয়ন্ত্রণাধীন একটি বিমানবন্দরে সৌদি আরব হামলা চালিয়েছিল।

নতুন করে সংঘাত শুরু হওয়ায় সরকার নিয়ন্ত্রিত এলাকার বাসিন্দাদের মধ্যে এখন আবারও সর্বাত্মক যুদ্ধ ফিরে আসার ভয় তৈরি হয়েছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন