গাজীপুরের কালীগঞ্জে এক ব্যবসায়ীর বসতবাড়িতে ‘ডাকাত বেশে’ ঢুকে কুপিয়ে এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও দুজন আহত হয়েছেন।
শনিবার ভোররাতে উপজেলার নাগরী ইউনিয়নের নগরবেলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম কামরুন নাহার আক্তার, তিনি নগর বেলা গায়েনবাড়ী এলাকার বাসিন্দা রড-সিমেন্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের স্ত্রী। হামলায় গুরুতর আহত হয়েছেন মঞ্জুরুল ইসলাম এবং তার মেয়ে সানজিদা আক্তার মিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোররাত ৩টার দিকে মঞ্জুরুল ইসলামের টিনশেড বাড়ির গ্রিলের গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত। এ সময় আশপাশের কয়েকটি বাড়ির বাসিন্দাদেরও অবরুদ্ধ করে রাখে তারা।
বাড়িতে ঢুকেই দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের কোপাতে শুরু করে। এ সময় ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলে মঞ্জুরুল ইসলামের স্ত্রী মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর পুলিশ জানায়, হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ডাকাতের বেশে এসে এই হামলা চালিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসেছেন। তারা ভেতরে প্রবেশের পর বিষয়টি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যাবে বলে জানান তিনি। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি, লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-30a397.jpg)