ভাটারায় আগুনে দগ্ধ তরুণের মৃত্যু, আশঙ্কাজনক পিতাও

ভাটারায় আগুনে দগ্ধ তরুণের মৃত্যু, আশঙ্কাজনক পিতাও

রাজধানীর ভাটারায় আগুনের ঘটনায় দগ্ধ তরুণ হানিফ শেখ (২৪)এর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন ওই তরুণের বাবা।

বিজ্ঞাপন

জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ১১ টায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, হানিফ শেখ এর শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

তিনি জানান, ওই তরুণের বাবা হালিম শেখ চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও আশংকাজনক। তার শরীরের ৩৩ শতাংশ দগ্ধ হয়েছে।

গতকাল বুধবার রাতে ভাটারা'র পূর্ব নূরের চলা এলাকায় একটি টিনশেড বাসায় গ্যাস সিলিন্ডারে রান্না করতে গিয়ে দগ্ধ হন পিতা-পুত্র। তাদেরকে উদ্ধার করে বুধবার রাতে চিকিৎসার জন্য জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়।

দগ্ধ অন্যরা হলেন- হালিম শেখের স্ত্রী শিউলি বেগম (৪৫) ও হালিমের বোন রহিমা বেগম (৫০)।

হাসপাতালে নিয়ে আসা দগ্ধ হালিম শেখের ভাগ্নে সাগর আহমেদ বলেন, বুধবার সন্ধ্যা সাতটার দিকে, হালিমের ছেলে হানিফ শেখ রান্নাঘরের ডিম ভাজতে গিয়েছিল। তখন হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে তার লুঙ্গিতে আগুন লেগে যায়। তার চিৎকারে বাসায় থাকা অন্যরা তাকে রক্ষা করতে গিয়ে দগ্ধ হন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দগ্ধ চার জনের মধ্যে বাবা ছেলে কে ভর্তি করা হয়েছিল। বাকি দু'জন কে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন