বনরক্ষীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: পরিবেশ সচিব

বনরক্ষীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: পরিবেশ সচিব

বনের জমি রক্ষা করতে গিয়ে হামলার শিকার বন কর্মকর্তাদের ওপর হামলাকে ‘ন্যক্কারজনক ও অগ্রহণযোগ্য’বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।

শনিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত বন বিভাগের বিট অফিসার মহিদুর রহমানকে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

সচিব বলেন, বনের জমি দখল করতে চাওয়া এক শ্রেণির দুর্বৃত্তচক্র মাঠ পর্যায়ের বন কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে। যারা দেশের পরিবেশ রক্ষায় কাজ করছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।

তিনি আহত কর্মকর্তার চিকিৎসার খোঁজ নেন এবং যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বন) শামীমা বেগম, প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার সাভারের ছোট কালিয়াকৈর এলাকায় বন বিভাগের সাভার সাব-বিটের জমি জবরদখলের চেষ্টা প্রতিহত করতে গেলে বিট কর্মকর্তা মহিদুর রহমান জয়সহ পাঁচজন বনকর্মী দুর্বৃত্তদের হামলায় আহত হন। মহিদুর রহমান ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন