রাজধানীর মিরপুরে গভীর রাতের আঁধারে গুঁড়িয়ে দেওয়া এবং লুটপাট করা রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের ধ্বংসস্তূপের মাঝেই শিশুদের টিকাদান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। প্রায় ৫২ বছর ধরে সুবিধাবঞ্চিত মা ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলেও সেবাগ্রহীতাদের প্রতি দায়বদ্ধতা থেকেই খোলা আকাশের নিচে অস্থায়ী ক্যাম্প করে এ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, প্রতিষ্ঠানটির তিনটি সেমিপাকা ও একটি পাকা ভবন বুলডোজার দিয়ে পুরোপুরি ভেঙে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। এর মধ্যেই ধ্বংসস্তূপের ঠিক বাইরে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে হামের ক্যাচ-আপ ক্যাম্পেইনসহ নিয়মিত টিকাদান কর্মসূচি চালানো হচ্ছে। সকাল থেকেই মায়েরা তাদের শিশুদের কোলে নিয়ে সেখানে ভিড় করছেন টিকা দেওয়ার জন্য।
রাড্ডা হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার জানান, বৃহস্পতিবার রাত ১২টার পর গভীর রাতে একদল লোক এসে পুরো হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় ভবনে থাকা মূল্যবান আল্ট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, এসি, ফ্রিজ, বিভিন্ন ধরনের জীবনরক্ষাকারী ওষুধ ও ভ্যাকসিন লুটপাট করে নিয়ে যাওয়া হয়। এমনকি শিশুদের টিকাদান সংক্রান্ত রেকর্ড সংরক্ষণের ট্যাব, রেজিস্টার খাতা ও পরিবার পরিকল্পনা সামগ্রীও নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানটির প্রায় দেড় কোটিরও বেশি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরো ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কোনো ধরনের পূর্ব নোটিশ কিংবা আদালতের নির্দেশনা ছাড়াই মাত্র এক রাতের ব্যবধানে ৫২ বছরের একটি সেবামূলক প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া হলো। এটি কোনো স্বাভাবিক প্রক্রিয়া হতে পারে না। আমরা মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে আসছি, এই ধ্বংসযজ্ঞ দেখে আমাদের হতবাক হওয়া ছাড়া আর কোনো ভাষা নেই।’
ঘটনাস্থল থেকে শাহ আলী থানা মাত্র পাঁচ মিনিটের দূরত্বে অবস্থিত এই প্রতিষ্ঠানে দীর্ঘ সময় ধরে তাণ্ডব চালানো হলেও তাৎক্ষণিকভাবে প্রশাসনের কাউকে পাওয়া যায়নি বলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে একটি ব্যানার ঝুলিয়ে জমি দখলের চেষ্টা করা হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িত সন্দেহে ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। তবে হাসপাতাল ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ায় এবং সব সরঞ্জাম লুট হয়ে যাওয়ায় অদূর ভবিষ্যতে সেখানে স্বাভাবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পুনরায় চালু হওয়া নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


