রাজধানীর কূটনৈতিক এলাকা বারিধারায় পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোরে আগুনের সূত্রপাতের পর ছড়িয়ে পড়া ধোঁয়ায় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান। পরে দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসার টেলিভিশনের শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটের দিকে বারিধারায় হাইকমিশনারের সরকারি বাসভবনে আগুন লাগে। খবর পেয়ে স্টেশন থেকে দুটি ইউনিট দিয়ে কাজ শুরু করে ৫টায়। ৫টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে বাসার টেলিভিশনের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, আগুন লাগার পর বাসভবনের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রীর শ্বাসকষ্ট হলে সকাল ৯টার দিকে তাদের রাজধানীর গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুজনকেই চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে শারীরিক অবস্থা গুরুতর নয়।
জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্ট নিরাপত্তা ও জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাটি গুরুত্বের সঙ্গে নেয়। কূটনৈতিক এলাকার একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগার কারণে ঘটনাটি নিয়ে স্বাভাবিকভাবেই বাড়তি সতর্কতা তৈরি হয়েছে।
তবে আগুন লাগার পেছনে কোনো নাশকতা বা অন্য কোনো কারণ রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটির বিষয়টি সামনে এলেও তদন্ত শেষ হওয়ার আগে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না বলে মনে করা হচ্ছে।
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ২০২৫ সালের আগস্টে বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি মিয়ানমারে পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


