রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোম তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সন্ধ্যার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। দাহ্য ফোম ও কেমিক্যালজাতীয় উপকরণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের আকাশ।
শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই একাধিক ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের প্রধান শাহজাহান সিকদার জানান, প্রথম ইউনিট সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রথমে কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের শিখা ছড়িয়ে পড়লে আশপাশের ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক শুরু হয়। অনেকে দ্রুত দোকান বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ফোম কারখানায় আগুন লাগার কারণে ধোঁয়ার তীব্রতা ছিল অনেক বেশি। এতে উদ্ধারকর্মীদের কাজ করতেও বেগ পেতে হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ঘন কালো ধোঁয়ায় পুরো সাদ্দাম মার্কেট এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে এবং উৎসুক মানুষ দূর থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা দেখতে জড়ো হন।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের তথ্য পাওয়া যায়নি। তবে আগুন লাগার সময় কারখানার ভেতরে কতজন শ্রমিক ছিলেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ভেতরে তল্লাশি চালিয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এলাকাবাসীর আশঙ্কা ছিল, আগুন আশপাশের ভবন ও গুদামে ছড়িয়ে পড়তে পারে। কারণ সাদ্দাম মার্কেট এলাকায় ছোট-বড় বেশ কয়েকটি কারখানা, গুদাম ও দাহ্য পণ্য সংরক্ষণাগার রয়েছে। সে কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা শুরু থেকেই সতর্ক অবস্থানে থেকে আগুনের বিস্তার ঠেকানোর চেষ্টা চালান।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে মার্কেটের আশপাশে সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচলেও ধীরগতি দেখা দেয়।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত—তা তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

