প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার কাছে গতকাল সোমবার বিকালে কিছু ব্যক্তি বেআইনি সমাবেশের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে। পরে পুলিশ ওই বেআইনি সমাবেশ শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল সোমবার ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘ডিএমপির জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও সংলগ্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে; যা এখনো বলবৎ রয়েছে।’
বিবৃতিতে বলা হয়, ‘তা সত্ত্বেও উল্লিখিত এলাকায় কতিপয় ব্যক্তি কর্তৃক বেআইনি সমাবেশের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রচেষ্টা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক জারিকৃত গণবিজ্ঞপ্তি মেনে চলার জন্য এবং বর্ণিত বিষয়ে অহেতুক বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ করা হলো।’
এতে বলা হয়, বিকালে কিছু মানুষ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার চেষ্টা চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলার পরও বিক্ষোভকারীরা সাড়া দিচ্ছিলেন না। একপর্যায়ে পুলিশ বাধ্য হয়ে তাদের সরিয়ে দেয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

