ঢাকার ২৮ হাজার ভবনে সৌরবিদ্যুৎ, লক্ষ্য আরো ৭১৪টিতে

স্টাফ রিপোর্টার, ঢাকা দক্ষিণ

ঢাকার ২৮ হাজার ভবনে সৌরবিদ্যুৎ, লক্ষ্য আরো ৭১৪টিতে
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ বিল ও জ্বালানি ব্যয় সাশ্রয়ের পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে সরকারি-বেসরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি বলেন, অব্যবহৃত ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনে কাজে লাগালে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গতকাল মঙ্গলবার ‘রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন’ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সভায় ঢাকা জেলার সৌরবিদ্যুৎ স্থাপনের অগ্রগতির চিত্র তুলে ধরে ফরিদা খানম বলেন, বর্তমানে জেলার প্রায় ২৮ হাজার ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন করা হয়েছে। এসব ভবনে গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুতের স্থাপিত সক্ষমতা প্রায় ১৬২ মেগাওয়াট পিক। অফ-গ্রিড ব্যবস্থাসহ মোট সক্ষমতা দাঁড়িয়েছে প্রায় ১৭৮ মেগাওয়াট পিক-এ।

তিনি আরো বলেন, জেলায় স্থাপিত গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুতের ৮৪ শতাংশ বেসরকারি ও ১৬ শতাংশ সরকারি ভবনে রয়েছে। ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে আরো ৭১৪টি ভবনে প্রায় ১১৭ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ একটি সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ। সৌরবিদ্যুতের মাধ্যমে ভবনের নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণ করা গেলে জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা কমবে এবং বিদ্যুৎ বিল সাশ্রয় হবে।

তিনি আরো বলেন, বর্তমানে সৌরবিদ্যুৎ স্থাপন করা ভবনগুলোর মাত্র ৬ শতাংশে নেট মিটারিং সংযোগ রয়েছে। এ সংযোগ বাড়ানো গেলে সৌরবিদ্যুৎ উৎপাদনকারীরা অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহের সুযোগ পাবেন। এতে সৌরবিদ্যুৎ স্থাপনে বিনিয়োগের আর্থিক সুফলও বাড়বে।

কর্মসূচি বাস্তবায়নে পর্যাপ্ত বিনিয়োগ, সহজ শর্তে ঋণ, মানসম্মত যন্ত্রপাতি এবং দক্ষ কারিগরি জনবল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন ফরিদা খানম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...