রাজধানীর বনানীর একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বনানীর এফআর টাওয়ারের পাশের একটি বহুতল ভবনে এই আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৫টা ৩৬ মিনিটে ২৬ তলা ওই ভবনের ২৩ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ওই ফ্লোরে দুটি বায়িং হাউসের অফিস রয়েছে। আগুনে সেখানকার এসি ও সার্ভার পুড়ে গেছে।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


