নদীপথে চাঁদাবাজি বন্ধসহ ছয় দাবিতে বাল্কহেড মালিকদের আলটিমেটাম

নদীপথে চাঁদাবাজি বন্ধসহ ছয় দাবিতে বাল্কহেড মালিকদের আলটিমেটাম

নতুন বৈধ বালুমহাল চিহ্নিত করে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইজারা প্রদান, নৌপথে চাঁদাবাজি-সন্ত্রাস-ডাকাতি বন্ধ এবং বাল্কহেড মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা বন্ধসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতি। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে দেশের সব নদীপথে বাল্কহেড ও ড্রেজার চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা।

রোববার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চাঁদপুর, শরীয়তপুর, ভোলা ও বরিশালের নদীতে নতুন বৈধ বালুমহাল চিহ্নিত করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইজারা দিতে হবে।

তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—বৈধ বালুমহাল, বাল্কহেড, ড্রেজার ও শ্রমিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা; নৌপথে চাঁদাবাজি, সন্ত্রাস ও ডাকাতি বন্ধ করা; বাল্কহেড মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা বন্ধ করা এবং নৌ ও স্থানীয় প্রশাসন, ইজারাদার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর তদারকি কমিটি গঠন করা।

নেতারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ৩০ সেপ্টেম্বরের পর সব নদীপথে বাল্কহেড ও ড্রেজার চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কর্মসূচি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির সভাপতি মারফত মিঝি, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. জামান খান উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন