রাজধানীর জাহাঙ্গির গেটের মোড়ে কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তার নাম: সেলিস শেখ (৩৫)। পেশায় প্রাইভেট কার চালক। তার বাসা ঢাকার আদাবরে।
এ সময় দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ড ভ্যান চালককে মারধর করেন পথচারীরা। পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করেছে। লাশ উদ্ধার করে তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
জানা গেছে, শনিবার রাত পৌনে ৯ টার দিকে মহাখালী থেকে বিজয় সরণিগামী লেনে মোড় নেওয়ার সময় জাহাঙ্গির গেটের মোড়ে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেল চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পথচারীরা তার লাশ উদ্ধার করে সড়ক বিভাজকের পাশে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ওই এলাকায় সাময়িক যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ সেখানে গিয়ে সড়কের যানবাহনের শৃঙ্খলা আনেন।
এ বিষয়ে তেজগাঁও থানার এসআই গিয়াস উদ্দিন বলেন, মহাখালী থেকে আসা কাভার্ড ভ্যানের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যান ঘিরে ধরে সাধারণ জনতা। পরে পুলিশ গিয়ে গাড়ির ভেতরে থাকা চালককে আটক করে কাভার্ড ভ্যানসহ থানায় নিয়ে আসে। পুলিশ জানায় তার পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে। হাসপাতালে এসে লাশ শনাক্ত করেছেন স্বজনরা।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


