কেরানীগঞ্জে অর্পিত সম্পত্তি দখল করে প্লট বিক্রির অভিযোগ

কেরানীগঞ্জে অর্পিত সম্পত্তি দখল করে প্লট বিক্রির অভিযোগ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর মৌজায় সরকারের ওপর ন্যস্ত অর্পিত সম্পত্তি জাল-জালিয়াতির মাধ্যমে দখল করে আবাসন প্রকল্পের নামে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতীয়তাবাদী শ্রমিক দল কোন্ডা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জনির বিরুদ্ধে ভুয়া ওয়ারিশ সনদ ও দলিলের মাধ্যমে জমি দখল এবং প্লট আকারে বিক্রির তৎপরতার অভিযোগ করেছেন স্থানীয় এক বাসিন্দা।

সরকারি সম্পত্তি বেহাত হওয়ার আশঙ্কায় জমিটি উদ্ধারে ঢাকা জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন তিনি।

বিজ্ঞাপন

আবেদনকারী হাজী দ্বীন ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের সময় ভারতে চলে যাওয়া মনোরঞ্জন দাসের ৩০ শতাংশ জমি পরে সরকারের অর্পিত সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। দীর্ঘদিন পতিত থাকা ওই জমি জাল-জালিয়াতির মাধ্যমে দখল করে বিক্রির চেষ্টা চলছে। এতে সরকারের বিপুল পরিমাণ সম্পত্তি বেহাত হওয়ার পাশাপাশি সাধারণ ক্রেতারাও প্রতারণার শিকার হতে পারেন।

অনুসন্ধানে জানা গেছে, কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর মৌজার আরএস খতিয়ান নম্বর ৪৬৮, জেএল নম্বর ১১৭ এবং ৭৭১ নম্বর দাগে মোট ৩৯ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে মনোরঞ্জন দাসের নামে ৩০ শতাংশ এবং শেখ সমির উদ্দিন ও বোচা মিয়ার নামে ৯ শতাংশ জমির রেকর্ড রয়েছে ।

জানা গেছে, কেরানীগঞ্জের মনোরঞ্জন দাসের বাবার নাম রাধারাম দাস। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ভারতে চলে যাওয়ার পর তার জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। পরে জমিটি অর্পিত সম্পত্তি হিসেবে সরকারের ওপর ন্যস্ত হয়। সংশ্লিষ্ট খতিয়ানে ‘হাল সন ভারত’ এবং সরকারের ওপর ন্যস্ত অর্পিত সম্পত্তিসংক্রান্ত মন্তব্য এলাকাবাসীর।

তাদের দাবি, জাতীয়তাবাদী শ্রমিক দল কোন্ডা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জনি নারায়ণগঞ্জের ভূঁইয়াপাড়া গ্রামের মৃত মনোরঞ্জন দাসের দুই সন্তান রবীন্দ্র দাস ও মনিন্দ্র দাসকে কেরানীগঞ্জের মনোরঞ্জন দাসের সন্তান ও ওয়ারিশ হিসেবে উপস্থাপন করেন। তাদের দক্ষিণ কেরানীগঞ্জের বীর বাঘৈর গ্রামের বাসিন্দা দেখিয়ে কোন্ডা ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিশ সনদ নেন। এরপর তাদের কাছ থেকে ভুয়া দলিল রেজিস্ট্রি করেন। নারায়ণগঞ্জের মনোরঞ্জন দাসের বাবার নাম কালীপ্রসন্ন দাস। তিনি ২০১৪ সালের ৫ অক্টোবর মারা যান। তিনি দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রী রেখে গেছেন বলে তার সন্তান রবীন্দ্র দাসের হলফনামায় উল্লেখ রয়েছে। দুই ব্যক্তির বাবার নাম ও পরিচয়ে পার্থক্য থাকা সত্ত্বেও তাদের একই ব্যক্তি হিসেবে উপস্থাপন করে ওয়ারিশ সনদ সংগ্রহ করা হয়েছে ।

৩৩৭০ নম্বর দলিলে জমি রেজিস্ট্রি

আবেদনে বলা হয়েছে, কথিত ওয়ারিশ সনদের ভিত্তিতে চলতি বছরের ১৩ এপ্রিল দক্ষিণ কেরানীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ৩৩৭০ নম্বর দলিল রেজিস্ট্রি করা হয়। ওই দলিলের মাধ্যমে সরকারের ওপর ন্যস্ত অর্পিত সম্পত্তির মালিকানা দাবি করে জমি দখল ও বিক্রির তৎপরতা চলছে বলে অভিযোগ করেছেন হাজী দ্বীন ইসলাম।

তার অভিযোগ, জমিটি বর্তমানে তিন-চার কাঠা আকারে ছোট ছোট প্লটে ভাগ করে আবাসন প্রকল্পের মতো বিক্রি করা হচ্ছে। প্রতি শতাংশ জমি আনুমানিক ১২ লাখ টাকা দরে বিক্রির তৎপরতা চলছে। এতে সরকারের কোটি কোটি টাকার সম্পত্তি বেহাত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সরকারি সম্পত্তি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে স্থানীয় বাসিন্দা হাজী দ্বীন ইসলাম ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন ।

এ ব্যাপারে অভিযুক্ত কোন্ডা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমিটি দীর্ঘদিন ধরে বসুন্ধরা হাউজিং কোম্পানির দখলে ছিল। তিনি মনোরঞ্জন দাসের ছেলের নাম কালীপ্রসাদ ওরফে রাধা রাম ওরফে বাঞ্জারাম দাস বলে দাবি করেন। মুক্তিযুদ্ধের সময় তারা কেরানীগঞ্জ থেকে নারায়ণগঞ্জ যান। তার দাবি, নারায়ণগঞ্জের মনোরঞ্জন আর কেরানীগঞ্জের মনোরঞ্জন একই ব্যক্তি।

এ ব্যাপারে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, কেরানীগঞ্জের বীর বাঘৈর মৌজার অর্পিত সম্পত্তিসংক্রান্ত একটি লিখিত আবেদন জেলা প্রশাসকের দপ্তরে জমা পড়েছে। আবেদনে সরকারি অর্পিত সম্পত্তি জাল-জালিয়াতির মাধ্যমে বিক্রি ও হস্তান্তরের অভিযোগ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে অভিযোগের সত্যতা অনুসন্ধান করা হবে। সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল, বিক্রি বা হস্তান্তরের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...