রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় তল্লাশি চৌকিতে ব্যাগ তল্লাশির সময় শাহ আলম (৩৩) নামের এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করা হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার নায়েক নজরুল ইসলাম জানান, দুপুর ২টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী পকেট গেটসংলগ্ন এলাকায় পুলিশের তল্লাশি চলছিল। একপর্যায়ে চার যুবক তল্লাশি চৌকিতে আসেন। তাদের মধ্যে একজনের কাছে থাকা ব্যাগ দেখে পুলিশের সন্দেহ হয়।
তিনি জানান, পুলিশ ব্যাগটি তল্লাশি করতে গেলে চারজন যুবকের একজন শাহ আলমের বাঁ চোখের ওপর ছুরিকাঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু জানান, দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তারা সেখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তল্লাশি চালানো ব্যাগটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

