গুলিসহ মানিকগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

গুলিসহ মানিকগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান খান ওরফে হান্নানকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম। মঙ্গলবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি এজাহারভুক্ত আসামি।

বিজ্ঞাপন

এসময় তার কাছ থেকে ১টি অত্যাধুনিক রিভলবার, একটি শটগান, ৯৫ রাউন্ড রিভলবারের গুলি, ৮০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির টিম জানতে পারে ধানমন্ডির ২৩/বি, ২৮ নম্বর রোডের একটি বাসায় মানিকগঞ্জের সিংগাইর থানায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি মুশফিকুর রহমান খান ওরফে হান্নান আত্মগোপন করে আছে। এমন তথ্যের ভিত্তিতে ঐ বাসায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। হান্নানের ‍বিরুদ্ধে শাহবাগ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

ডিবি সূত্র আরও জানায়, মানিকগঞ্জের সিংগাইর থানার হত্যা, হত্যা চেষ্টা ও নাশকতার চারটি মামলার এজাহারভুক্ত আসামি হান্নান। হান্নানের হেফাজতে থাকা এনপিবি রিভলবারের লাইসেন্সে ৯৭ রাউন্ড গুলির অনুমোদন থাকলেও ডিবির কাছে ৯৫ রাউন্ড গুলি উপস্থাপন করে। অবশিষ্ট দুই রাউন্ড গুলির বিষয়ে জিজ্ঞাসাবাদে কোন সন্তোষজনক জবাব দিতে পারেনি তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন