রাজধানীর উত্তরখান এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে মোটরসাইকেল ও দেশি অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে উত্তরখান থানা পুলিশ।
বুধবার উত্তরখান থানাধীন দোবাদিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মো. রবিউল ইসলাম (২৫), মো. সাগর মিয়া (২৪) ও মো. বিশু ওরফে ফারদিন (২৫)।
উত্তরখান থানা সূত্রে জানা যায়, কতিপয় ব্যক্তি উত্তরখান থানাধীন দোবাদিয়া বাজারস্থ গাজী মার্কেট এর সামনে পাঁকা রাস্তার উপর ছিনতাইয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে থানার টহল টিম দ্রুত ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রবিউল, সাগর ও বিশুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের থেকে একটি মোটরসাইকেল ও দুটি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে উত্তরখান থানায় মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তাররা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য, তাদের নির্দিষ্ট কোনো পেশা নাই। তারা ইতোপূর্বে একাধিকবার উত্তরখান থানা ও আশেপাশের এলাকায় ছিনতাই করেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তার রবিউলের বিরুদ্ধে ডিএমপির উত্তরখান থানায় দুটি মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

