ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সোমবার ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছেন তার সমর্থকেরা।
রোববার নগর ভবনের সামনে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি থেকে বিক্ষুব্ধ ঢাকাবাসীর পক্ষে কর্মসূচি ঘোষণা করেন সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান।
তিনি বলেন, সোমবার বেলা ১১টা থেকে নগর ভবন ব্লকেড ও এর আশপাশের এলাকায় ব্লকেড কর্মসূচি শুরু হবে। তারা বিকাল ৩টা পর্যন্ত নগর ভবনের সামনে এ কর্মসূচি চলবে।
অবস্থান কর্মসূচির কারণে রোববার সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে যেতে পারছেন না।
ডিএসসিসির হিসাব শাখার এক কর্মকর্তা রোববার সকালে বলেন, আন্দোলনের কারণে আমাদের অফিস বন্ধ। প্রতিদিনই অফিসে এসে আশেপাশে ঘোরাঘুরি করি। দুপুরের পর উনারা (আন্দোলনকারীরা) চলে যায়। কিন্তু এর পরও অফিসে যাওয়া যায় না; কারণ সবগুলো গেইটে তালা দেওয়া।
নগর সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান রোববার সাংবাদিকদের বলেন, অফিসে যাচ্ছি, কিন্তু সেখানে ঢুকতে পারছি না। এতে দাপ্তরিক কাজ- বিশেষ করে কোনো ফাইল ওয়ার্ক করা যাচ্ছে না। এ কারণে আমরা সাইটগুলি ভিজিট করছি, উন্নয়নমূলক কাজগুলো সরেজমিনে দেখছি।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির সবশেষ নির্বাচনে শেখ ফজলে নূর তাপসকে মেয়র বিজয়ী ঘোষণা করা হয়। ৫ আগস্টের অভ্যুত্থানের পর ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

