রাজধানীর ৩০০ ফিট থেকে ছিনতাইকৃত ব্যক্তিগত গাড়ি ৯৯৯ নম্বরে ফোন কলে কল পেয়ে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে থেকে পুর্বাতুল ইসলাম ডিউক নামে একজন কলার “জাতীয় জরুরি সেবা ৯৯৯” নম্বরে ফোন করে জানান তার ব্যক্তিগত গাড়িটি অস্ত্রের মুখে কয়েকজন ব্যক্তি ছিনতাই করে নিয়ে গেছে। সাদা রঙের টয়োটা এক্স ফিল্ডার গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো গ-২৩-৫৫০৫।
কলার জানান, গাড়িটিতে সংযুক্ত জিপিএস ট্র্যাকারে সর্বশেষ লোকেশন দেখতে পাচ্ছিলেন রূপগঞ্জ থানাধীন ‘আল্লাহ ভরসা সিএনজি স্টেশন’।
কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মহিদুল ইসলাম। কনস্টেবল মহিদ তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও রূপগঞ্জ থানায় বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানায়। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে রূপগঞ্জ থানা এবং নারায়ণগঞ্জ জেলার অন্যান্য থানাগুলো উদ্ধার তৎপরতা শুরু করে। পরবর্তীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন মদনপুর থেকে রাস্তার পাশে থামানো অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়। পুলিশের তৎপরতা টের পেয়ে ছিনতাইকারীরা গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তী আইনি প্রক্রিয়া এবং ছিনতাইকারীদের গ্রেপ্তারের তৎপরতা চলমান রয়েছে। রোববার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

