রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

রাজধানীর পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। এর মধ্যে, রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন আজমপুর মোড়ে দাঁড়িয়ে থাকা লোকদের উপর একটি ট্রাক উঠে গেলে তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, মোহাম্মদ জাবেদ আলম খান (৬১) ফাইন উদ্দিন আহমেদ (২২) ও খাজা নাঈম হক (৩২)।

বিজ্ঞাপন

শনিবার দিবাগত রাতে ওই ঘটনাটি ঘটে। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত ওসি মো. গোলাম মোস্তফা জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে উত্তরা আজমপুর মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা পথচারীর উপর একটি ট্রাক উঠে যায় এতে তিনজনের মৃত্যু হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।

এদিকে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে মাইক্রোবাস, মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তারা হলেন, সাজ্জাদুর রহমান (১৬) ও ফাহিম (১৮)। সাজ্জাদুর স্থানীয় একটি ইংলিশ মিডিয়াম স্কুলে দশম শ্রেণীতে পড়তো। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি দক্ষিণপাড়া গ্রামের নবী বিধানের ছেলে সাজ্জাদুর। ফাহিমের বাড়ি একই এলাকায়।

এ বিষয়ে তেজগাঁও থানার এসআই জান্নাতুল ফেরদৌস বাদশা বলেন, রবিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিপরীত পাশে সড়কের মোটরসাইকেল ও একটি হাইয়েস মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটে। পথচারীরা তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে পুলিশ তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মাইক্রোবাসটি ও মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে । পৃথক ঘটনায় দুই থানায় মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন