রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকায় স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত ১১ তলা বাণিজ্যিক ভবন এলএ প্লাজার তৃতীয় তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার দুপুরে লাগা এ আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
এ ঘটনায় ভবনের বিভিন্ন তলায় আটকে পড়া ১৩ জন পুরুষ ও ১০ জন নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন নারীকে শ্বাসকষ্টজনিত সমস্যায় চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ রয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর ১টা ৫৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে মোট ৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। দীর্ঘ চেষ্টার পর বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস সদস্যরা ভবনের বিভিন্ন তলা থেকে আটকে পড়া ব্যক্তিদের নিরাপদে বের করে আনেন। শুরুতে চারজনকে উদ্ধার করা হয়। পরে ধাপে ধাপে উদ্ধার অভিযান জোরদার করা হলে সাতজন পুরুষ ও ৯ জন নারীসহ মোট ১৬ জনকে উদ্ধার করা হয়। এরপর আরো কয়েক দফা তল্লাশি ও উদ্ধার অভিযানে আরো সাতজনকে বের করে আনা হলে মোট উদ্ধারকৃতের সংখ্যা দাঁড়ায় ২৩ জনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের তৃতীয় তলায় হঠাৎ ধোঁয়া দেখা গেলে অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এতে ভবনের ভেতরে থাকা অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন এবং কেউ কেউ ওপরের তলায় আশ্রয় নেন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা সিঁড়ি ও উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে তাদের নিরাপদে বের করে আনেন।
ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ইউনিট পাঠানো হয় এবং সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন সম্পূর্ণ নির্বাপণের পর তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ভবনের আশপাশে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান নেন এবং উৎসুক জনতাকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনের ভেতরে ধোঁয়া অপসারণ ও নিরাপত্তা নিশ্চিত করতে তল্লাশি কার্যক্রম কিছু সময় অব্যাহত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে তদন্তের পরই নিশ্চিত করে বলা যাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


মিরপুরে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট