আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জুয়েলারি দোকানে চুরি, শতাধিক ভরি স্বর্ণ ও রুপা খোয়া যাওয়ার দাবি

স্টাফ রিপোর্টার

জুয়েলারি দোকানে চুরি, শতাধিক ভরি স্বর্ণ ও রুপা খোয়া যাওয়ার দাবি
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁও এলাকায় একটি স্বর্ণের দোকানে চাঞ্চল্যকর ও দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরচক্র দোকানটির তালা ভেঙে প্রায় ১০০ ভরি স্বর্ণালঙ্কার এবং ১৫০ ভরি রুপার অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে খিলগাঁওয়ের গোড়ান টেম্পু স্ট্যান্ড সংলগ্ন একটি ভবনের নিচতলায় অবস্থিত জুয়েলারি দোকানে এই চুরির ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে দোকান খোলার পর চুরির বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে খিলগাঁও থানা পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে।

বিজ্ঞাপন

প্রাথমিক তদন্ত ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকার ওই স্বর্ণের দোকানটি প্রতিদিনের মতো বুধবার রাতে বন্ধ করে বাসায় যান মালিক ও কর্মচারীরা। গভীর রাতে কোনো এক সময় চোরচক্র দোকানের শাটল ও ভেতরের তালা কৌশলে ভেঙে ভেতরে প্রবেশ করে। অত্যন্ত ঠান্ডা মাথায় তারা আলমারি ও ডিসপ্লেতে থাকা মূল্যবান স্বর্ণ ও রুপার অলঙ্কার চুরি করে নিয়ে যায়।

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দোকান মালিকপক্ষ প্রাথমিকভাবে দাবি করেছে যে, তাদের প্রায় ১০০ ভরি স্বর্ণ এবং ১৫০ ভরি রুপার অলঙ্কার খোয়া গেছে বলে মালিকপক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত লুট হওয়া মালের সঠিক পরিমাণ নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।’

সিসিটিভি ফুটেজ ও আলামত সংগ্রহ

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল এবং আশেপাশের এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। যদিও এখন পর্যন্ত কার্যকর কোনো ফুটেজ পুলিশের হাতে আসেনি, তবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে। দোকানটির নিজস্ব কোনো সিসিটিভি ক্যামেরা ছিল কি না বা থাকলেও সেটি সচল ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর গোড়ান ও আশপাশের এলাকায় থাকা জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অনেকেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন। স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, এলাকাটি সাধারণত রাতে তুলনামূলক শান্ত থাকে। তবে সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় দোকান চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

একজন ব্যবসায়ী বলেন, “স্বর্ণের দোকান হওয়ায় আমরা সবসময় সতর্ক থাকি। কিন্তু রাতের বেলা নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।” তারা মনে করেন, বাজার ও আবাসিক এলাকার নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী না হলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।

দোকান মালিকপক্ষ জানিয়েছেন, সারা জীবনের সঞ্চয় দিয়ে গড়া এই ব্যবসা প্রতিষ্ঠানটি এখন নিঃস্ব হওয়ার পথে। লুট হওয়া স্বর্ণালঙ্কারের বর্তমান বাজারমূল্য প্রায় কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

ওসি শফিকুল ইসলাম আরও জানান, ‘এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছি। আমাদের ক্রাইম সিনের সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। আশা করছি দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনতে সক্ষম হবো।’

সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই চুরির খবরটি নিয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করছেন। অনেকেই বলছেন, রাজধানীর আবাসিক এলাকায় এ ধরনের বড় চুরির ঘটনা আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

পুলিশ আশ্বস্ত করেছে যে, তারা সম্ভাব্য সব ধরনের সোর্স ব্যবহার করে এবং গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অপরাধীদের গতিপথ শনাক্ত করার চেষ্টা করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন