রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লোকজন জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করলে পুলিশ ও জনতা ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করে। গুলিস্তানের মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম এলাকায় থেকে তাদের আটক করা হয়।
রোববার বিকেলে হকি স্টেডিয়াম এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ২০-২৫ থেকে জন নেতাকর্মী ছদ্মবেশে অবস্থান নেয়। পরে তারা আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করে। এ সময় উপস্থিত জনতা ও টহলরত পুলিশ একযোগে তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। সে সময় তিনজনকে পুলিশ হাতেনাতে আটক করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
মতিঝিল জোনের এডিসি মো. রেজওয়ান বলেন, নারায়ণগঞ্জ থেকে হকি স্টেডিয়াম এলাকায় ২০ থেকে ২৫ জন লোক জড়ো হয়। সেখানে অবস্থান নিয়ে তারা ছদ্মবেশ ধারণ করে স্লোগান দিতে থাকে। মানুষকে বোঝানোর চেষ্টা করে তারা অন্য সংগঠনের লোকজন।
তিনি বলেন, একপর্যায়ে তারা আওয়ামী লীগের পক্ষে ‘জয়বাংলা’ স্লোগান দেয়। সঙ্গে সঙ্গে স্থানীয় জনতা ও পুলিশ তাদের ধাওয়া করে। সে সময় অধিকাংশ নেতাকর্মী পালিয়ে গেলেও তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

