পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল চত্বরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে যুবদল নেতাকর্মীরা পিটিয়ে ও ইট-পাথর দিয়ে নৃশংসভাবে হত্যা করায় উল্লেখ করে এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে জাতীয় যুবশক্তি।
শুক্রবার এক প্রতিবাদলিপিতে লাল চাঁদ হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ দাবি জানায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠনটি।
জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আসাদুর রহমানের পাঠানো প্রতিবাদলিপিতে বলা হয়, বুধবার সন্ধ্যায় চাঁদা না দেওয়ার কারণে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে যুবদল নেতাকর্মীরা পিটিয়ে ও ইট-পাথর দিয়ে মাথা থেঁতলে নৃশংসভাবে খুন করে। নিহতের নিথর দেহের উপর ঘাতকদের নৃত্য এবং আনন্দোৎসব আদিম বর্বরতাকেও হার মানায়। এমন পাশবিকতা সভ্য সমাজে কল্পনাতীত এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।
প্রতিবাদলিপিতে সংগঠনটি বলেছে, এই ধরণের ঘটনা কোনো একজন ব্যক্তির উপরে হামলা নয়, এটা মানবতা, আইন, ন্যায়বিচার এবং রাষ্ট্রীয় শৃঙ্খলার উপর সরাসরি আঘাত। জনসমক্ষে প্রকাশ্য দিবালোকে এভাবে একজন মানুষকে হত্যা করা শুধু নৃশংসতা নয়, এটি আমাদের সমাজ ও রাষ্ট্রের ভিতকে নাড়িয়ে দিয়েছে। এর মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে-দেশের নাগরিক নিরাপত্তা এবং আইনের শাসন চরমভাবে প্রশ্নবিদ্ধ।
জাতীয় যুবশক্তি মনে করে, এটি এক ভয়াবহ সামাজিক বার্তা, যেখানে অপরাধীরা মনে করে, তারা ধরা-ছোঁয়ার বাইরে। এমন বার্তা রাষ্ট্র ও সমাজ কোনোভাবেই বহন করতে পারে না। আমরা এই পাশবিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসাথে জোরালোভাবে দাবি জানাই, এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল ঘাতক ও তাদের মদতদাতাদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। এবং নিশ্চিত করা হোক দৃষ্টান্তমূলক শাস্তি যেন ভবিষ্যতে আর কোনো ঘাতক এমন অন্যায় করার সাহস না পায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

