রাজধানীর ধানমন্ডি এলাকার ৯/এ সড়কের একটি বহুতল ভবনের ওপর থেকে পড়ে রিফা ওরফে রিক্তা (১১) নামে এক শিশু গৃহকর্মীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, শুক্রবার (১৯ জুন) ভোরে ভবনের ওপরের অংশ থেকে নিচে পড়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করেন ভবনের নিরাপত্তাকর্মীরা। পরে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রিক্তা কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। পরিবার-পরিজনের আর্থিক সংকটের কারণে মাত্র দুই মাস আগে একটি এজেন্সির মাধ্যমে কাজে আসা শিশুটি ভোরবেলায় ভবনের ওপর থেকে নিচে পড়ে প্রাণ হারায়। দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ—এ প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে ঘটনার পর এলাকায় নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। প্রতিবেশীদের কয়েকজন দাবি করেছেন, ওই ফ্ল্যাটে এর আগেও গৃহকর্মীদের সঙ্গে অসদাচরণ ও নির্যাতনের অভিযোগ শোনা গিয়েছিল। তাদের ভাষ্য, অনেক গৃহকর্মী সেখানে দীর্ঘদিন টিকতে পারেননি। যদিও এসব অভিযোগের বিষয়ে ফ্ল্যাট মালিকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সকালের এই মৃত্যুর ঘটনায় ধানমন্ডি থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা ভবনের বিভিন্ন অংশ পরীক্ষা করেছেন এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন। পুলিশ সূত্র জানায়, শিশুটি কীভাবে নিচে পড়েছে এবং ঘটনার আগে-পরে কারা তার সংস্পর্শে ছিল, তা জানতে ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। বিকেলে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন ও প্রযুক্তিগত তদন্তের তথ্য হাতে পাওয়ার পর ঘটনার বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

