রাজধানীর যাত্রাবাড়ী, রামপুরা ও খিলগাঁও থানা এলাকায় পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযানগুলো পরিচালনা করে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ এবং রামপুরা ও খিলগাঁও থানা পুলিশ।
জবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার
যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বাবুল আক্তারকে (৪৮) গ্রেপ্তার করেছে এসআরইউর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
সূত্র জানায়, বাবুল আক্তার ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক। চলমান জ্বালাও-পোড়াও আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবেও তিনি পরিচিত বলে জানা গেছে।
রামপুরায় ছয়জন গ্রেপ্তার
রামপুরা থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ। সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বেলাল আহমেদ (৬০), ২৩ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু (৪৮), ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ১ নম্বর ইউনিটের সদস্য নাসির উদ্দিন (৫০), রামপুরা থানা ছাত্রলীগের সক্রিয় সদস্য রবিউল ইসলাম মুন্না (২৩), রামপুরা থানা আওয়ামী লীগের সদস্য আনোয়ারুল হক (৬৮) এবং রামপুরা থানা যুবলীগের সদস্য মো. সৌরভ ইবনে নবী মৃদুল (৩৪)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
খিলগাঁওয়ে দুজন গ্রেপ্তার
খিলগাঁও থানা এলাকায় পৃথক অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ। তারা হলেন ছাত্রলীগ কর্মী নাফিজ ইবনে সাঈদ (১৯) এবং খিলগাঁও থানার ৭৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন (৪৬)।
থানা সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে খিলগাঁও মডেল কলেজের সামনে থেকে নাফিজ ইবনে সাঈদকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাতে খিলগাঁওয়ের ত্রিমোহনী মাতবর বাড়ি রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় জসিম উদ্দিনকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


