আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এডমিনিস্টেটিভ এসোসিয়েশনের দোয়া

বিশেষ প্রতিনিধি

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এডমিনিস্টেটিভ এসোসিয়েশনের দোয়া

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) চেয়ারপারসন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ এসোসিয়েশন।

বৃহস্পতিবার বাদ মাগরিব এসোসিয়েশনের প্রধান কার্যালয়ে এ দোয়ার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি এবং পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ড. মো. মোখলেস উর রহমান। উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।

দোয়ার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

বিশেষ এ দোয়া মাহফিলে উল্লেখ করা হয়, মরহুমা বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র ছিলেন। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, বহুদলীয় রাজনীতি ও সাংবিধানিক শাসনব্যবস্থা সুদৃঢ়করণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাতীয়তা ও স্বাধীনতার পক্ষে তাঁর অবদান অনস্বীকার্য। একজন সংগ্রামী নারী হিসেবে রাষ্ট্র পরিচালনায় তাঁর দৃঢ় নেতৃত্ব, সাহসিকতা, আপসহীনতা ও দেশপ্রেম জাতির রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশের যেকোনো রাজনৈতিক সংকটে তিনি ছিলেন সকলের আশা আকঙ্খার মূর্ত প্রতীক।

গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতিচ্ছবি, লড়াইয়ের জীবন্ত ইতিহাস, বাংলার মাটি ও মানুষের অপূর্ণ স্বপ্নের ধ্রুবতারা, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মোহাম্মদ এহসানুল হক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন