ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জের ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ২০টি মোবাইল ফোন, নগদ ৫৭ হাজার টাকা, দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল আনুমানিক ৭টার দিকে র্যাব-১০-এর সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল ধলেশ্বরী টোলপ্লাজায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অবস্থান করে মাদারীপুর, শরীয়তপুর ও বরিশালের বিভিন্ন সড়কে গাছ কেটে প্রতিবন্ধকতা তৈরি করে ডাকাতি করত। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে কেরাণীগঞ্জ মডেল থানার কদমতলী এলাকায় জড়ো হয়ে তারা পিকআপ ভ্যান নিয়ে ডাকাতির উদ্দেশ্যে বরিশালের দিকে রওনা হয়। সেখানে সুবিধা করতে না পেরে শরীয়তপুর ও মাদারীপুরের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে ডাকাতি সেরে ফেরার পথে ধলেশ্বরী টোলপ্লাজায় র্যাবের হাতে ধরা পড়ে।
গ্রেপ্তারকৃতরা হলেন— ঢাকার দোহারের জাকির হোসেন (২৫), নোয়াখালীর বেগমগঞ্জের জাহিদুল ইসলাম সাগর (৩২), বরিশালের মোলাদির মো. হেলাল (৪৫), পটুয়াখালীর রাঙ্গাবাড়ীর কালাম খাঁ (৩৭), মাদারীপুরের মো. লিমন মাতবর (২২), কেরাণীগঞ্জ মডেলের মো. শতকত আলী শিকদার (৪০), মুন্সীগঞ্জের লৌহজংয়ের আলআমিন (৩৮) এবং দক্ষিণ কেরাণীগঞ্জের মুন্না (৩০)।
র্যাবের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে জাকির হোসেনের বিরুদ্ধে দুটি ডাকাতিসহ মোট চারটি মামলা, কালাম খাঁর বিরুদ্ধে একটি মাদক মামলা, জাহিদুল ইসলাম সাগরের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা এবং মো. হেলালের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির একটি মামলা রয়েছে।
অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে— ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, ১০টি রামদা, একটি করাত, একটি লোহার শাবল, সাতটি টর্চলাইট, পাঁচটি গামছা ও একটি মুখোশ। এ ছাড়া লুণ্ঠিত ২০টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি পাসপোর্ট, একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাঁচটি বিদেশি হাতঘড়ি, পাঁচটি মানিব্যাগ, একটি চেকবই, বিদেশি মুদ্রা, নগদ ৫৭ হাজার টাকা এবং বিদেশি চকলেট উদ্ধার করা হয়।
র্যাব-১০ জানিয়েছে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এমন অভিযান চলবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



