পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে রাজধানীমুখী যাত্রীবাহী বাসে মাদক পাচারের চেষ্টা নস্যাৎ করে দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার পিস ইয়াবাসহ দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার যাত্রাবাড়ী থানাধীন মেয়র হানিফ ফ্লাইওভারের ৬ নম্বর টোল প্লাজা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—চিওউছা চাকমা (২৩) এবং কালো চাকমা (২২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা একটি দূরপাল্লার বাসে মাদকের বড় একটি চালান ঢাকায় আসছে—এমন গোপণ সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল আগে থেকেই প্রস্তুত ছিল। পরে টোল প্লাজার ৪ নম্বর লাইনের পশ্চিম পাশে ঢাকামুখী ‘শান্তি পরিবহনের’ (ঢাকা মেট্রো ব-১৪-৮৯৯৮) একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
অভিযানকালে ওই বাসে থাকা দুই যাত্রীর দেহ তল্লাশি করে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০ ও ২০২৬) অনুযায়ী যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অধিদপ্তরের ধানমন্ডি সার্কেলের পরিদর্শক আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


