শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় আরেক শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) আকতার হোসেন। ১০ দিনের রিমান্ডের আবেদনসহ তাকে আদালতে পাঠানো হবে।
রোববার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে আটক করে নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে দুপুরের দিকে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ব্রিফিংয়ে ডিসি মো. আকতার হোসেন বলেন, সুইডেন আসলামের বিরুদ্ধে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে এবং তার নামে একাধিক মামলাও রয়েছে। চলতি বছর নিউমার্কেট এলাকায় সংঘটিত টিটন হত্যা মামলার তদন্তে তার নাম উঠে এসেছে। সে কারণেই তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষ করে আজই তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। পুলিশের আশা, রিমান্ডে জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে টিটন হত্যায় তার প্রকৃত ভূমিকা স্পষ্ট হবে।
থাইল্যান্ড থেকে দেশে ফেরার চার দিনের মাথায় আবার থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার সময় সুইডেন আসলাম গ্রেপ্তার হন। এ বিষয়ে প্রশ্ন করলে ডিসি আকতার হোসেন বলেন, ইমিগ্রেশন পুলিশ তাকে ডিবির হাতে তুলে দিয়েছে। তিনি কোথা থেকে এসেছিলেন বা কোথায় যাচ্ছিলেন, সে বিষয়ে বিস্তারিত বলতে পারবে ইমিগ্রেশন পুলিশ। বর্তমানে তিনি ডিবির হেফাজতে আছেন।
তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলা প্রসঙ্গে এই কর্মকর্তা বলেন, বিভিন্ন সময়ে আসলামের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এর কিছু এখনো তদন্তাধীন, আবার কয়েকটিতে পুলিশ প্রতিবেদন জমা দিয়েছে। সব মামলা ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গত এক মাস ধরে সুইডেন আসলাম নজরদারিতে ছিলেন কি না, এবং অন্য শীর্ষ সন্ত্রাসীরাও নজরদারির আওতায় আছেন কি না—এমন প্রশ্নে ডিসি আকতার হোসেন বলেন, চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসীদের ওপর ডিএমপি নিয়মিত গোয়েন্দা নজরদারি রাখছে এবং অভিযান চালাচ্ছে। সুযোগ ও সক্ষমতা তৈরি হলেই তাদের গ্রেপ্তার করা হচ্ছে। এ ধরনের অভিযান চলতে থাকবে।
ডিবি সূত্রে জানা গেছে, রোববার রাত আড়াইটার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছান সুইডেন আসলাম। তখনই তাকে আটক করা হয়।
প্রসঙ্গত, চলতি বছরের ২৮ এপ্রিল রাজধানীর নিউমার্কেট এলাকায় খুন হন শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন। তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক। ২০০১ সালে সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় টিটনের নাম ছিল দ্বিতীয় স্থানে। পুলিশের ধারণা, শীর্ষ সন্ত্রাসীদের নিজেদের মধ্যকার কোন্দলের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
অপরাধজগতে যেভাবে উত্থান
সুইডেন আসলামের পুরো নাম শেখ মোহাম্মদ আসলাম। বাবার নাম শেখ জিন্নাত আলী। গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ায়। পরিবারের সঙ্গে তিনি থাকতেন রাজধানীর ইন্দিরা রোডে। তেজগাঁও পলিটেকনিক স্কুল (বর্তমানে তেজগাঁও সরকারি বিদ্যালয়) থেকে তিনি এসএসসি পাস করেন।
বিভিন্ন সূত্রের তথ্যমতে, ১৯৮৬-৮৭ সালের দিকে অপরাধজগতে আসলামের উত্থান শুরু। শুরুতে রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় তার প্রভাব ছিল। ১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলের ভেতরে মায়ের সামনে কিশোর শাকিলকে হত্যার অভিযোগ ওঠার পর তিনি আলোচনায় আসেন।
নব্বইয়ের দশকের শুরুতে কারওয়ান বাজার ও আশপাশের অপরাধজগতের নিয়ন্ত্রণ ছিল জাতীয় তরুণ পার্টির রানা গ্রুপের হাতে। পিচ্চি হান্নান ছিলেন এই গ্রুপের অন্যতম সদস্য। ১৯৯০ সালের পর এলাকার আধিপত্য নিয়ে রানা গ্রুপের সঙ্গে আসলামের বিরোধ তীব্র হতে থাকে। দুই পক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ ঘটত, যাতে হতাহতের ঘটনাও ঘটে।
১৯৯৬ সালে আসলাম রানা গ্রুপের পিচ্চি হান্নানকে নিজের দলে টেনে নেন। একই বছর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সুপারস্টার হোটেলের সামনে রানা খুন হলে সেই ঘটনায় আসলাম ও হান্নানের নাম আসে। অভিযোগ আছে, হান্নানকে দিয়েই আসলাম ওই হত্যাকাণ্ড ঘটান।
রানার মৃত্যুর পর কারওয়ান বাজার, তেজতুরি বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর এলাকায় আসলামের আধিপত্য ছড়িয়ে পড়ে। কারওয়ান বাজার ও তেজতুরি বাজারের দায়িত্ব তিনি দেন পিচ্চি হান্নানকে। তবে এসব এলাকায় চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ চলত আসলামের নামেই।
কারাগারে বসেও অপরাধ নিয়ন্ত্রণের অভিযোগ
১৯৯৭ সালের ২৩ মার্চ যুবলীগ নেতা গালিব হত্যার পর আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসেন সুইডেন আসলাম। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, একই বছরের ২৬ মে তাকে গ্রেপ্তার করা হয়। তখন তার বয়স ছিল ৩৫ বছর। ওই সময় তার কাছ থেকে একটি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধারের কথাও জানা যায়।
অভিযোগ রয়েছে, কারাগারে থাকলেও অপরাধজগতের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়নি। এ কাজে তার প্রধান সহযোগী ছিলেন পিচ্চি হান্নান। কারাগারে বসেই আসলাম বিভিন্ন এলাকার ব্যবসায়ী, আড়তদার, পোশাক কারখানার মালিক ও জমি কেনাবেচায় জড়িতদের কাছ থেকে চাঁদা আদায় নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ আছে। বিভিন্ন সূত্র জানায়, এসব অর্থের ভাগও তিনি পেতেন।
এর বাইরে মাদক চোরাচালান, টাকার বিনিময়ে হত্যা ও জমি দখলের মতো অপরাধেও তার সম্পৃক্ততার অভিযোগ ছিল।
কারাগারের ভেতরেও একাধিকবার মারামারির ঘটনায় তার নাম আসে। বিভিন্ন প্রতিবেদনে তার সেল থেকে দুটি মুঠোফোন উদ্ধারের তথ্য উঠে এসেছে। অভিযোগ ছিল, এসব ফোন দিয়ে তিনি বাইরের সহযোগীদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং মামলার বাদী ও সাক্ষীদের হুমকি দিতেন। এ কারণে বিভিন্ন সময়ে তাকে এক কারাগার থেকে আরেক কারাগারে সরিয়ে নেওয়া হয়।
‘সুইডেন আসলাম’ নামের পেছনের গল্প
আসলামের নামের আগে ‘সুইডেন’ যুক্ত হওয়ার পেছনে রয়েছে তার ব্যক্তিজীবনের একটি ঘটনা। জানা যায়, তার প্রথম স্ত্রী ইতি সুইডেনপ্রবাসী ছিলেন। বিয়ের পর আসলামও কয়েক বছর সুইডেনে কাটান। সেখান থেকেই তিনি সুইডেন আসলাম নামে পরিচিতি পান। পরে ইতির সঙ্গে তার বিচ্ছেদ হয়।
আসলামের ঘনিষ্ঠ কয়েকজনের দাবি, ২০১০ সালের পর জামিনে মুক্তির সুযোগ থাকলেও ‘ক্রসফায়ারের’ ভয়ে তিনি সেভাবে জামিনের চেষ্টা করেননি।
জানা গেছে, তার বিরুদ্ধে থাকা ১২টি মামলার মধ্যে নয়টিই হত্যা মামলা। অস্ত্র মামলায় ১৭ বছরসহ কয়েকটি মামলায় তার সাজাও হয়েছিল।
দুই বছরের মাথায় আবার গ্রেপ্তার
দীর্ঘ কারাবাসের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান সুইডেন আসলাম। মুক্তির দুই বছরের মাথায় নতুন করে গ্রেপ্তার হওয়ায় ঢাকার অপরাধজগতের একসময়ের এই আলোচিত ব্যক্তি আবারও আলোচনায় এসেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



