রাজধানীর সূত্রাপুরের কবি নজরুল সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক কর্মচারী আহত হয়েছেন। তাঁর নাম মো. জাহাঙ্গীর (৪৫)। তিনি বিশ্ববিদ্যালয়ের মালি হিসেবে কর্মরত।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।
জাহাঙ্গীরকে হাসপাতালে নিয়ে আসা আলমগীর হোসেন জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সূত্রাপুর থানা এলাকার কবি নজরুল সরকারি কলেজের ফটকের সামনে দারোয়ানের সঙ্গে কথা বলছিলেন জাহাঙ্গীর। এ সময় কয়েকজন দুষ্কৃতকারী ককটেল নিক্ষেপ করলে সেটি বিস্ফোরিত হয় এবং এতে তিনি আহত হন। ককটেলের স্প্লিন্টার জাহাঙ্গীরের চোখ ও মাথায় লাগে। তিনি পুরান ঢাকার লালবাগের সমাজকল্যাণ গলির একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


