বনশ্রীতে নারী সাংবাদিকের ঘটনা নিয়ে ফেসবুকে পাল্টাপাল্টি আলোচনা

বনশ্রীতে নারী সাংবাদিকের ঘটনা নিয়ে ফেসবুকে পাল্টাপাল্টি আলোচনা

দৈনিক নিউ এজ পত্রিকার সাংবাদিক রাফিয়া তামান্না বুধবার রাতে ফেসবুকে স্ট্যাটাস দেন তার ওপর হামলা হয়েছে। ফেসবুকে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হওয়ার পর রাতে তিনি রামপুরা থানায় মামলা করেন। মামলার সূত্র ধরে বুধবার গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তাররা হলেন- সোয়েব রহমান জিশান, রাইসুল ইসলাম ও কাউসার হোসেন।

এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস এবং ভিডিও শেয়ার দিয়ে অনেকে বলছেন, ওই নারী মিথ্যা তথ্য দিয়েছেন। ওই নারী প্রথমে একজন বয়স্ক মানুষকে লাথি দিয়েছেন বলে ভিডিওতে প্রত্যক্ষদর্শীদের বলতে দেখা যাচ্ছে। মেয়েটি উগ্র আচরণ করেছেন বলে ভিডিওতে আরেকজনকে বলতে দেখা গেছে। স্ট্যাটাস ও ভিডিও দেখে হামলার বিষয়টি নিয়ে অভিযোগকারী রাফিয়া তামান্নার বক্তব্যের সম্পূর্ণ বিপরীত বক্তব্য দেখা যায় ফেসবুকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নারীকে অনেকে শাহবাগী উগ্র নারী বলেও উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

এদিকে র‍্যাব ৩-এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া জানাচ্ছেন, রাজধানীর রামপুরা এলাকায় যৌন হয়রানি সংক্রান্ত ঘটনায় রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার প্রেক্ষিতে মামলার এজাহারের আসামী সোয়েব রহমান জিশানকে রাজধানীর রামপুরা থানার মেরাদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রমনার বেইলি রোড এলাকা থেকে রাইসুল ইসলাম ও শ্যামপুর থানাধীন গেন্ডারিয়া এলাকা থেকে কাউসার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ বৃহস্পতিবার আমার দেশকে জানান, রাফিয়া তাঁর ভাই ও আরও একজনকে নিয়ে একটি দোকানে জুস পান করতে যান। এসময় ওই দোকানে তিন তরুণ উপস্থিত হন। রাফিয়ার দিকে তকিয়ে তাকিয়ে ছিলেন। এ নিয়ে সাংবাদিকের ভাইয়ের সঙ্গে একটা পরিস্থিতি তৈরি হয়। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মতিঝিল বিভাগের ডিসি শাহরিয়ার আলী এক প্রশ্নের জবাবে আমার দেশকে জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলবেন তদন্তকারী কর্মকর্তা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন