ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি জানিয়েছে, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর মুরাদ আত্মগোপনে চলে যান। তার নামে ঢাকার বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাকে আদালতে হাজির করা হবে।
তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির ডিসি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান।
এর আগে গত ৬ এপ্রিল রাজধানীর বায়তুল মোকারমের দক্ষিণ গেট থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত হঠাৎ একটি ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগ। এ মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, মিছিলে রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং বিভিন্ন স্লোগান দেন তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

