নোয়াখালী হাতিয়ায় এনসিপির নেতা আবদুল হান্নান মাসুদের ওপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
সোমবার রাত ১২টায় রাজধানীর বাংলামোটর থেকে শুরু হওয়া এ মিছিল শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ঘুরে আবার বাংলামোটরে এসে শেষ হয়।
এনসিপির নেতারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও তাদের রাজনৈতিক দল থেকে বহিষ্কারের দাবি জানান।
এনসিপির নেতারা বলেন, আবদুল হান্নান মাসুদ দুনিয়ায় কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়ক। মাসুদের ওপর জুলাই বিপ্লবের ওপর হামলা। এ হামলা সহ্য করবে না জাতি।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- এনসিপির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, জয়নাল আবেদীন শিশির, এনসিপি নেতা মাজহারুল ইসলাম ফকির, আসাদ বিন রনি, আহমেদ আসিকীন, ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।
নেতারা বলেন, এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা প্রশাসনের কাছে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
সোমবার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ায় এনসিপির নেতা আবদুল হান্নান মাসুদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলার পেছনে বিএনপির নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন হান্নান মাসুদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

