ছাত্রলীগের অপকর্মের বিচার চায় ছাত্রদল

আমার দেশ ডেস্ক

ছাত্রলীগের অপকর্মের বিচার চায় ছাত্রদল

ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে প্রায় সাড়ে ১৫ বছর দেশে শোষণ-নির্যাতন ও দমন-পীড়ন চালানো হয়েছে। হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে, গুম ও খুনের শিকার হয়েছেন আরো কয়েক হাজার মানুষ। আওয়ামী লীগ সরকার সর্বশেষ গণহত্যা চালিয়েছে গত জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে। আর এসব অপকর্মের অন্যতম হাতিয়ার ছিল ছাত্রলীগ। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জীবন অতিষ্ঠ করে রেখেছিল সন্ত্রাসী সংগঠনটি। এসব কুকর্মের দায়ে সংগঠনটিকে নিষিদ্ধ করেছে সরকার। এবার তাদের বিচার চায় ছাত্রদল। ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার দাবিতে গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

বিজ্ঞাপন

ঢাবি প্রতিনিধি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের সব অপকর্মের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি তাদের পালিত সন্ত্রাসী ও প্রশাসনিক সহযোগীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ছাত্রদল। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে টিএসসি থেকে ‘মার্চ ফর জাস্টিস’ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়। উপাচার্যের পক্ষে তা গ্রহণ করেন কোষাধ্যক্ষ ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির ঢাবি শাখা সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আকতার শুভ ও সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমন।

রাবি প্রতিনিধি জানান, ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার নিশ্চিতের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরের ছাত্রদলের দলীয় টেন্ট থেকে একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে উপাচার্য বরাবর দেওয়া হয় স্মারকলিপি। এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসাম, সরদার জহুরুল, শাকিলুর রহমান সোহাগ প্রমুখ ছিলেন।

জবি প্রতিনিধি জানান, জুলাই বিপ্লবের আগে ও আন্দোলনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোয় ছাত্রলীগের বিচার ও তাদের দোসরদের তদন্ত সাপেক্ষে শাস্তি চেয়ে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল। শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনসহ নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বরাবর এ স্মারকলিপি দেন।

এ সময় কেন্দ্রীয় সংসদের আমন্ত্রিত অতিথি যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন, মাহামুদুল হাসান খান, কাজী রফিকুল ইসলাম, নাহিয়ান অনিক, জাহিদুল ইসলাম, মেহেদী হাসান রুদ্র, মোজাম্মেল ডেনি, হাসিবুর হাসিব প্রমুখ ছিলেন।

স্টাফ রিপোর্টার, সাভার জানান, ছাত্রলীগ ও তার দোসরদের বিচারের দাবিতে সাভার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’ পালন করা হয়েছে। এ দিন কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

এ সময় ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ, সাভার কলেজ ছাত্রদল নেতা আহমেদ ফয়সাল, রায়হান মাহবুব প্রমুখ।

বেরোবি প্রতিনিধি জানান, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সব সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন ও উপাচার্য বরাবর আট দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল। সকালে নেতাকর্মীরা মিছিল নিয়ে শহীদ আবু সাঈদ চত্বর প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে মিছিল শেষ করে। এরপর আট দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন