বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদার এবং দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়াতে যৌথ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। তিনি বলেছেন, এ ধরনের উদ্যোগ দুই দেশের ব্যবসায়িক অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শনিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত ‘দ্য ফেস্টিভ ঢাকা এডিট’ শীর্ষক প্রদর্শনী পরিদর্শনকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। ‘এসএস এডিট’ ও ‘অরা এক্সিবিট’ যৌথভাবে দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করে।
প্রদর্শনীতে বাংলাদেশ ও পাকিস্তানের স্বনামধন্য ডিজাইনারদের সঙ্গে মতবিনিময় করেন পাকিস্তানের হাইকমিশনার। এ সময় তিনি দুই দেশের ডিজাইনারদের সৃজনশীলতা ও নিপুণ কারুশিল্পের ভূয়সী প্রশংসা করেন এবং প্রদর্শনীতে অংশগ্রহণকারী সবার প্রতি শুভকামনা জানান।
ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের ডিজাইনার ও উদ্যোক্তাদের এই যৌথ উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন হাইকমিশনার। তাঁর মতে, এ ধরনের আয়োজন শুধু বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নেই নয়, বরং দুই দেশের সাধারণ মানুষের মধ্যে মেলবন্ধন ও পারস্পরিক হৃদ্যতা বৃদ্ধিতেও অত্যন্ত সহায়ক।
উল্লেখ্য, দিনব্যাপী আয়োজিত এই প্রদর্শনীটি শনিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

