রাজনৈতিক সহিংসতায় ৭৯ জনের মৃত্যু, গণপিটুনিতে ৫২

রাজনৈতিক সহিংসতায় ৭৯ জনের মৃত্যু, গণপিটুনিতে ৫২
প্রতীকী ছবি

দেশে গত ছয় মাসে রাজনৈতিক সহিংসতায় অন্তত ৭৯ জন নিহত হয়েছেন। এই সময়ে আহত হয়েছেন ১ হাজার ৬৯৫ জন। আধিপত্য বিস্তার, রাজনৈতিক প্রতিশোধ গ্রহণ, কমিটি গঠন নিয়ে বিরোধ, চাঁদাবাজি ও বিভিন্ন স্থাপনা দখলকেন্দ্রিক অধিকাংশ সহিংসতার ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার সন্ধ্যায় বাংলাদেশভিত্তিক মানবাধিকার সংস্থা অধিকার চলতি বছরের প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন) মানবাধিকার পরিস্থিতি, রাজনৈতিক সহিংসতা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের চিত্র তুলে ধরেছে। এই সময়সীমার মধ্যে চলতি বছরের শুরুতে অন্তর্বর্তীকালীন সরকারের দেড় মাস ও নির্বাচন পরবর্তী রাজনৈতিক (বিএনপি) সরকারের অতিবাহিত হওয়া সাড়ে চার মাস রয়েছে।

বিজ্ঞাপন

অধিকারের প্রকাশিত তথ্যে জানানো হয়—গুম, বিচারবর্হিভূত হত্যাকাণ্ড, সীমান্ত হত্যা, রাজনৈতিক সহিংসতা, সাংবাদিক নির্যাতন, নারী ও শিশু নির্যাতন, মব ইত্যাদি অব্যাহত রয়েছে। দেশে গত ছয় মাসে গণপিটুনিতে ৫২ জনকে হত্যা করা হয়েছে বলে জানায় সংগঠনটি।

প্রতিবেদনে বলা হয়, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতির উন্নতি হয়নি। খুন, ধর্ষণ, মব সহিংসতা, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধ প্রতিদিনই ঘটছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনি সহিংসতায় নিহত হয়েছেন ১৩ জন। এতে আহত হয়েছেন আরো ১ হাজার ৮১ জন। নতুন নির্বাচিত সরকার আসার পরেও সীমান্তে পুশইন, গুলি বা হত্যা আরো বেড়েছে। আরো বলা হয়, গত ছয় মাসে ভারত-বাংলাদেশ সীমান্তে হামলার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আটজন বাংলাদেশি নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে কমপক্ষে ২৭ জনকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ।

গত ছয় মাসে সাত জন বিচারবর্হিভূত হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে নির্যাতনে মৃত্যু চার জনের, পিটিয়ে হত্যা দুজন এবং গুলিতে হত্যা করা হয় একজনকে। এ সময়ে কারাগারে মারা গেছেন ৩৭ জন।

অধিকার তাদের পর্যবেক্ষণে বলেছে, গত ছয় মাসে গণমাধ্যম কর্মীদের ওপরেও হামলার ঘটনা কম নয়। হামলা, মামলা, অপহরণ হুমকি, লাঞ্ছনার শিকার হয়েছেন ১০৬ জন সাংবাদিক। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ চিত্র হচ্ছে—গত ছয় মাসে ২১ জন সাংবাদিক অপহরণের শিকার হয়েছেন।

গত ছয় মাসে শিশু ধর্ষণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে । ২২৩ শিশুসহ মোট ৩৬৭ নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। একই সঙ্গে যৌন হয়রানির শিকার হয়েছেন ২৫ নারী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন