ফ্লোরিডায় বসছে ‘৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট-২০২৬’

ফ্লোরিডায় বসছে ‘৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট-২০২৬’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা শহরে ২০২৬ সালের ২৪ ও ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক আয়োজন ‘৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট’। এই আয়োজনে অংশ নিয়ে বাংলাদেশ তার ব্যবসা, সংস্কৃতি ও তরুণদের বৈশ্বিক মঞ্চে তুলে ধরার বিশেষ সুযোগ পাবে বলে আশাবাদী আয়োজকরা। বিগত কয়েক বছরের অভিজ্ঞতায় এবারের আয়োজনে প্রায় ২০ হাজার ভিজিটর হবে বলে আশা প্রকাশ করছেন তারা।

বিজ্ঞাপন

বুধবার এ উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক কমিটি।

এ সময় মেলার কনভেনার আতিকুর রহমান বলেন, এবারের ফেয়ার ও ফেস্ট হবে ব্যবসা, উদ্ভাবন, সংস্কৃতি ও আন্তর্জাতিক সহযোগিতার এক মহামিলনমেলা। এতে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিক, ব্যবসায়ী, সরকারি-ব্যবসায়ী প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠন, পর্যটন খাতের উদ্যোক্তা, পেশাজীবী এবং তরুণ উদ্যোক্তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আয়োজনের মূল আকর্ষণ থাকবে গ্লোবাল ট্রেড শো ও এক্সিবিশন, আন্তর্জাতিক বিজনেস সামিট ও বি-টু-বি নেটওয়ার্কিং, ইয়ুথ সামিট-তরুণ উদ্যোক্তা ও ভবিষ্যৎ নেতাদের প্ল্যাটফর্ম, সাংস্কৃতিক পরিবেশনা, ফুড ফেস্টিভ্যাল ও কুলিনারি শোকেসের পাশাপাশি আর্ট ও ক্র্যাফট প্রদর্শনী।

আতিকুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আট বিলিয়ন ডলারের ব্যবসা আছে। সম্প্রতি মার্কিন পালটা শুল্ক আরোপে অন্যান্য প্রতিযোগী দেশের তুলনায় এখন আমরা সেখানে এগিয়ে রয়েছি ব্যবসা-বাণিজ্যে। এই আয়োজন বাংলাদেশের জন্য বিশেষ সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা বৈশ্বিক বাজারে প্রবেশ করতে পারবে। পাশাপাশি সাংস্কৃতিক দল ও শিল্পীরা বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতে পারবে এবং তরুণরা আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তুলতে পারবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেএমএর সভাপতি আবুল হোসেন, বাংলাদেশ টেলিভিশনের সাবেক পরিচালক মোহাম্মদ মোরশেদ, বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি কাজী জাহিদুল ইসলাম, অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ইউএসএআইএনসির পরিচালক মো. জুলফিকার আলী, অর্গানাজিং চেয়ারম্যান আবদুল খালেক, এফবিসিসিআই এর ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, এডভাইসার ওয়াকিল উদ্দিন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন