নিরাপত্তা জোরদার

রাজধানীর নানা স্থানে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে নগরবাসী

রাজধানীর নানা স্থানে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে নগরবাসী
ফাইল ছবি

একই দিনে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার সন্ধ্যায় মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ীতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে দুপুরে মালিবাগেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। প্রায় একই সময়ে আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন সড়কে আরো একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

যাত্রাবাড়ী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. হাসানুর বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ককটেল বিস্ফোরণ হতে পারে। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত বলা সম্ভব নয়।

এর আগে জুমার নামাজের পর মৌচাকের ফরচুন শপিংমলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায়ও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শাহজাহানপুর থানার ওসি আমিরুল ইসলাম বলেন, জুমার নামাজের পরপরই ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছোড়া হয়। কারা এ ঘটনায় জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। ফ্লাইওভারের প্রবেশমুখের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করা হচ্ছে।

রাজধানীর একাধিক এলাকায় একই দিনে বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে রাতে রাজধানীর নিরাপত্তা জোরদার করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়। রাজধানীর প্রবেশ পথগুলোতেও নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন