বৈশ্বিক অভিগম্যতা সচেতনতা দিবসের সম্মাননা পেল এনসিটিবির টকিং বই

বৈশ্বিক অভিগম্যতা সচেতনতা দিবসের সম্মাননা পেল এনসিটিবির টকিং বই

প্রতিবছরের মতো এবছরও বাংলাদেশে বৈশ্বিক অভিগম্যতা সচেতনতা দিবস (গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে - GAAD) পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) অডিটোরিয়ামে এক আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করে এসপায়ার টু ইনোভেট (এটুআই) এবং ফ্রেন্ডশিপ।

বিজ্ঞাপন

দিবসের আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল এবং ফ্রেন্ডশিপের ইনক্লুসিভ সিটিজেনশিপ সেক্টরের ঊর্ধ্বতন পরিচালক আয়েশা তাসিন খান। এছাড়াও উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন মনসুর আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব এবং এটুআই প্রোগ্রামের যুগ্ম প্রকল্প পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন এটুআই-এর হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট আবদুল্লাহ আল ফাহিম।

দিবসটি উপলক্ষে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সেবা প্রদানে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। এ বছর সম্মাননা পেয়েছে গ্রামীণফোনের সাইনলাইন (বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ইশারা ভাষা অনলাইন কাস্টমার সার্ভিস), জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড - এনসিটিবির প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য মাল্টিমিডিয়া টকিং বই এবং ইসলামি ব্যাংক বাংলাদেশ-এর প্রতিবন্ধীবান্ধব ডিজিটাল ব্যাংকিং সেবা- 'সেলফিন' অ্যাপ। এনসিটিবির পক্ষে চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রফেসর রবিউল কবীর চৌধুরী এই সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আমরা ‘ন্যাশনাল ডিজিটাল ট্রান্সফরমেশন স্ট্র্যাটেজি এবং আইসিটি রিফর্ম রোডম্যাপ-এ ডিজিটাল অভিগম্যতাকে সুস্পষ্টভাবে স্থান দিয়েছি, যা সরকারি নীতির সঙ্গে প্রযুক্তির সমন্বয়ের একটি উৎকৃষ্ট উদাহরণ। পাশাপাশি আমরা ইতোমধ্যে প্রযুক্তিগত মানদণ্ড, সিকিউরিটি এবং ইনক্লুসিভ ডিজাইন—এই তিনটি স্তরে ডিজিটাল অ্যাক্সেসিবিলিটির সংস্থান নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করেছি। তিনি এটুআই-এর ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি উদ্ভাবনগুলোর প্রশংসা করেন এবং তা প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পরা জনপদের কাছে পোঁছে দিতে আহ্বান জানান।

গণমাধ্যমের উদ্দেশ্য তিনি বলেন, গণমাধ্যমের উচিত তাদের অনলাইন পোর্টালগুলোতে ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি ফিচার সংযুক্ত করা। এর জন্য নতুন সিস্টেম না তৈরি করেই খুবই সহজেই এই সেবাটি সংযোজন করা যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন