গাজায় ইসরায়েলি হামলায় ফ্যাবের প্রতিবাদ

গাজায় ইসরায়েলি হামলায় ফ্যাবের প্রতিবাদ

ফিলিস্তিনের গাজায় নিরীহ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর অমানবিক ও বর্বরোচিত হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে বুয়েট ফিজিক্স এলামনাই অ্যাসোসিয়েশন (ফ্যাব)।

বুধবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে ফ্যাব-এর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ হামিদুর রহমান খান এবং সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ নজরুল ইসলাম খাঁনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে ফিলিস্তিনের মানুষদের প্রতি সবাইকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান।

এসময় ফ্যাব-এর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ হামিদুর রহমান খান বলেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী মানুষের ওপর হামলা ইসরায়েল কর্তৃক বর্বরতার প্রতিবাদ জানাচ্ছি। সারা পৃথিবীতে গণহত্যা বন্ধ করতে হবে। একইসঙ্গে এর আশু সমাধান করতে হবে।

বক্তব্য প্রদানকালে ফ্যাব-এর সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কর্তৃক নারী, শিশু, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জঘন্য ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। ইসরায়েল ফিলিস্তিনের মানুষকে নির্বিচারে হত্যা করছে। এটা বন্ধ করতে বিশ্বনেতাদের এক হতে হবে। আমরা এই প্রতিবাদী মানববন্ধন থেকে বর্বরোচিত এই হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানাই।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ফ্যাব-এর সহ-সভাপতি ড. ফরহাদ আলম, সহ-সভাপতি অধ্যাপক ড. তামান্না আফরোজ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জিল্লুর রহমান।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন