রাজধানীতে অপহৃত ফল ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৫

রাজধানীতে অপহৃত ফল ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৫

রাজধানীর ভাটারা এলাকা থেকে অপহৃত এক ফল ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তির নাম জাকির হোসেন (৫৫)। তিনি বসুন্ধরা গেটের পাশে ‘ভাই ভাই ফল ভান্ডার’ নামে একটি দোকানের মালিক।

গ্রেপ্তারকৃতরা হলো- তারিক শাফিন (২৩), কেএম ইসলাম (৩০), তানভীর রহমান স্বাধীন (২২), আল নোমান (২২) এবং শিপন চৌধুরী (২২)। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ভোরে জাকির হোসেন কারওরান বাজার থেকে ফল কিনে দোকানে ফিরছিলেন। সে সময় প্রায় ২০ জন অজ্ঞাতনামা ব্যক্তি ১০-১২টি মোটরসাইকেলে এসে দেশীয় অস্ত্রের মুখে জাকির হোসেনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে জাকিরের মোবাইল নম্বর থেকে তার স্ত্রী তাসলিমা আক্তারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়।

তাসলিমা আক্তার প্রথমে পাঁচ লাখ টাকা দিতে রাজি হন এবং ওই দিন দুপুর ১টার দিকে টাকা প্রদান করেন। কিন্তু এরপর অপহরণকারীরা আরো দুই লাখ টাকা দাবি করে। পরদিন শুক্রবার সকালে তিনি অতিরিক্ত দুই লাখ টাকা দেন, তবুও জাকির হোসেনকে মুক্তি দেওয়া হয়নি।

পরবর্তীতে ওই দিন রাত সাড়ে ৮টার দিকে ভাটারা থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর স্ত্রী। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় একই দিন রাত ১১টার দিকে বেইলী রোডের অফিসার্স ক্লাবের সামনে থেকে জাকির হোসেনকে জীবিত উদ্ধার করে।

পরবর্তীতে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃতদের হেফাজত হতে অপহরণের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং মুক্তিপণের দুই লাখ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়। পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন