অন্তর্বর্তী সরকারের উচিত, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা বলে মনে করেন লেবার পার্টি বাংলাদেশের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মো. ফারুক রহমান।
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সভায় তিনি এ কথা বলেন। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহতকরণ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা দূরীকরণের দাবিতে এই সভার আয়োজন করে ১২ দলীয় জোট।
লায়ন ফারুক রহমান বলেন, তারেক রহমান আমাদের দেশের সন্তান। তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। ওয়ান-ইলেভেনের সরকার এবং বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত হয়ে তার বিরুদ্ধে একের পর এক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা, বানোয়াট মামলা দিয়েছে।
তিনি মনে করেন, তারেক আওয়ামী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এজন্য পরিবর্তিত পরিস্থিতিতে এখন তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম করতে হবে। অন্তর্বর্তী সরকারের উচিত, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা।
তিনি বলেন, সব বাধা উপেক্ষা করে তাকে এই সরকারের সরাসরি আহ্বান করা উচিত যে, আপনি আসেন। আমরা জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে এমন একটি নির্বাচন করব, যে নির্বাচন হবে এ দেশের জনগণের প্রত্যাশার নির্বাচন, বাংলাদেশ বিনির্মাণের নির্বাচন। আগামীর বাংলাদেশ হবে শহীদদের স্বপ্নের বাংলাদেশ।
১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

