বাংলামোটরে যুবদলের বহিষ্কৃত নেতার গুলিবর্ষণ, পিটিয়ে জখম এক

বাংলামোটরে যুবদলের বহিষ্কৃত নেতার গুলিবর্ষণ, পিটিয়ে জখম এক

রাজধানীর বাংলামোটরে ব্যক্তিগত বিরোধের জের ধরে সোহাগ (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, চাঁদাবাজিকে কেন্দ্র করে রাত ১০টার দিকে বাংলামোটর এলাকায় সোহাগের সঙ্গে সাইমনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সাইমন ও তার সঙ্গীরা সোহাগকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করেন। মারধরের পর সাইমন দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত এলাকা ত্যাগ করেন।

বিজ্ঞাপন

এ ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা সাইমনের ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাতিরঝিল থানা-পুলিশের একটি দল। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে।

হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, রাত ১০টার দিকে হাতিরঝিল থানাধীন বাংলামোটর মোড়ের উত্তর পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সোহাগকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি বলেন, সাইমনের সঙ্গে সোহাগের কথা কাটাকাটির একপর্যায়ে সোহাগের মাথায় আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত আহত হন। পরে সাইমন সেখানে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন