‘শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়’ আইন পাস হওয়ার দুই বছর শেষ হলেও প্রতিষ্ঠার কোনো অগ্রগতি হয়নি। বিশ্ববিদ্যালয়টি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ফোরাম। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকে এ দাবি জানানো হয়।
বৈঠকে ফোরামের আহ্বায়ক এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, শিক্ষাবিদ ও গবেষক ড. মোশাররফ হোসেন মাসুদ বলেন, শরীয়তপুরের উর্বর মাটিতে ধান, পাট, পেঁয়াজ, আদা, টমেটোসহ বহু ফসল উৎপন্ন হয়, যার মধ্যে অনেক পণ্য রপ্তানিযোগ্য। কৃষিভিত্তিক এ জেলার উন্নয়নের জন্য একটি কৃষি বিশ্ববিদ্যালয় অত্যন্ত জরুরি।
তিনি বলেন, ২০২১ সালের ৬ অক্টোবর শরীয়তপুরে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরবর্তী সময়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত নিয়ে আইন প্রণয়নের কাজ সম্পন্ন হয়। ২০২৩ সালের ১৩ নভেম্বর কৃষি বিশ্ববিদ্যালয় আইন সংসদে পাস হয়। আইন পাস হলেও গত দুই বছরে বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে কার্যকর কোনো অগ্রগতি হয়নি।
এ সময় বক্তারা বলেন, এ জেলায় সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নেই, বিশ্ববিদ্যালয় নেই। ফলে উন্নয়নবঞ্চিত মানুষ কাঙ্ক্ষিত অগ্রগতির জন্য অধীর। এখনই প্রয়োজন মানবসম্পদ উন্নয়ন, অবকাঠামো গড়ে তোলা এবং পদ্মার ভাঙন রোধ। শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় দ্রুত চালু করে এ সম্ভাবনাময় জনপদকে এগিয়ে নিতে সবার ঐক্য ও সহযোগিতা কামনা করছি।
বৈঠকে বক্তব্য রাখেনÑফোরামের সদস্যসচিব শিকদার মেসবাহ উদ্দিন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, শিক্ষাবিদ অধ্যাপক ড. এম নুরুল ইসলাম প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

