আন্দোলন কর্মসূচিতে গার্মেন্টস কর্মীর মৃত্যু, শ্রম ভবন অবরোধ

আন্দোলন কর্মসূচিতে গার্মেন্টস কর্মীর মৃত্যু, শ্রম ভবন অবরোধ

রাজধানীর শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অসুস্থ হয়ে রাম প্রসাদ সিং (৪০) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে।

রোববার বিকাল ৪টার দিকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহতের সহকর্মী মোস্তফা ভূইয়া জানান, রাম প্রসাদ গাজীপুর চান্দনা এলাকার স্টাইল ক্র্যাফট লিমিটেডের এক্সিকিউটিভ ছিলেন। পাঁচদিন ধরে সেগুনবাগিচা শ্রম ভবনের সামনে বকেয়া বেতন-ভাতার দাবিতে অবস্থান কর্মসূচি চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহত রাম প্রসাদের বাসা মিরপুরের শেওড়াপাড়া এলাকায়। তার বাবার নাম কার্তিক কুমার সিং। তাদের গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজীতে। থাকতেন গাজীপুর চৌরাস্তা এলাকায়।

শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অসুস্থ হয়ে রাম প্রসাদ সিং মৃত্যুর পরও কর্মসূচি জোরদার করেন শ্রমিকরা। সেখানে অবরুদ্ধ থাকার সাত ঘণ্টা পর মুক্ত হন শ্রম ভবনের কর্মকর্তারা। সোমবার বেলা ১১টায় সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হবে এই আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন