শিশু সুরক্ষায় স্বতন্ত্র শিশু অধিদপ্তর প্রতিষ্ঠার দাবি

শিশু সুরক্ষায় স্বতন্ত্র শিশু অধিদপ্তর প্রতিষ্ঠার দাবি

দেশের অবহেলিত শিশুদের সুরক্ষা,প্রতিভার বিকাশ এবং অধিকার বাস্তবায়নের জন্য একটি স্বতন্ত্র "শিশু অধিদপ্তর" প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন শিশু উন্নয়নে কাজ করা ১৮৩টি সংস্থা। নারী উন্নয়ন শক্তি-এর উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় এই দাবি তুলে ধরা হয়।

কর্মশালায় নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন "শিশু অধিদপ্তর" প্রতিষ্ঠার গুরুত্ব ব্যাখ্যা করেন এবং শিশুদের বর্তমান ঝুঁকিপূর্ণ অবস্থা তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশের অনেক শিশু দারিদ্র্য, নির্যাতন, বাল্যবিবাহ, মাদকাসক্তি ও অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে পড়ছে। এক্ষেত্রে, বিদ্যমান সংস্থাগুলোর কার্যক্রম যথেষ্ট হলেও, একটি স্বতন্ত্র শিশু অধিদপ্তর না থাকায় সরকারি ও বেসরকারি পর্যায়ে সঠিক সমন্বয় করা কঠিন হয়ে পড়ছে।"

বিজ্ঞাপন

এই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম (১৮৩টি এনজিওর সমন্বিত নেটওয়ার্ক), ফোরাম ফর কালচার এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট, ইয়ং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম, বিকল্প উন্নয়ন কর্মসূচি, গ্রামবাংলা উন্নয়ন কমিটি সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি বক্তব্য রাখেন।

কর্মশালার শেষে, অংশগ্রহণকারী সংস্থাগুলো একত্রে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় অ্যাডভাইজার ও সিনিয়র সচিব বরাবর একটি আবেদনপত্র দাখিল করেন, যেখানে "শিশু অধিদপ্তর" প্রতিষ্ঠার যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়।

শিশু অধিদপ্তর প্রতিষ্ঠার মূল দাবিগুলোর মধ্যে রয়েছে, অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নির্দিষ্ট নীতি ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন,শিশুদের মাদক, অপরাধমূলক কার্যকলাপ এবং অনৈতিক কাজে লিপ্ত হওয়া থেকে রক্ষা করা,প্রতিভাবান শিশুদের উপযুক্ত সুযোগ ও প্ল্যাটফর্ম তৈরি,শিশুদের জন্য মানসম্মত শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত,বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সাধন করে শিশু কল্যাণ কার্যক্রমকে আরও কার্যকর করা।

কর্মশালায় উপস্থিত বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ ও মানবাধিকার কর্মীরা বলেন, "বাংলাদেশে শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমরা বিশ্বাস করি, সরকার এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।" প্রস্তাবিত "শিশু অধিদপ্তর" প্রতিষ্ঠার দাবিতে সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করা হয়। শিশুদের অধিকার ও সুরক্ষার জন্য একটি স্বতন্ত্র "শিশু অধিদপ্তর" গঠন করে তাদের সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করার উপর গুরুত্বরোপ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন