ধর্ষণের শিকার শিশু ও কিশোরী ঢামেকে

ধর্ষণের শিকার শিশু ও কিশোরী ঢামেকে

এক শিশু ও কিশোরী ধর্ষণের শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি হয়েছে। সোমবার দিবাগত রাতে তাদের দুজনকে ঢামেকে নেয়া হয়।

বিজ্ঞাপন

রাজধানীর দারুস সালাম ও নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় এসব ধর্ষণের ঘটনা ঘটেছে। আড়াইহাজারে ধর্ষণের শিকার শিশুর বয়স ৯ বছর। অপরদিকে, দারুস সালামে ধর্ষণের শিকার কিশোরীর বয়স ১৪ বছর। সে পেশায় একজন গার্মেন্টস শ্রমিক।

আড়াইহাজারের বালিয়াপাড়ায় ৯ বছরের ওই শিশুকে তার আপন চাচা ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছে পরিবারের সদস্যরা। পরে শারীরিক অবস্থা খারাপ হলে শিশুটিকে ঢামেকে আনা হয়।

দারুস সালামে ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবা বলেন, আমার মেয়ে দারুস সালামের একটি গার্মেন্টসকর্মী। সোমবার রাতে অভিযুক্ত হাসান তার বোনের বাসায় বেড়াতে যাওয়ার কথা বলে আমার মেয়েকে নিয়ে যায়। পরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গাবতলীর একটি হোটেলে নিয়ে জোর করে শারীরিক সম্পর্ক করে। বাসায় ফিরে আমার মেয়ে সব জানালে আমি দ্রুত তাকে চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে আসি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, সোমবার দিবাগত রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে ওই দুজনকে ধর্ষণের অভিযোগে ঢাকা মেডিকেলে আনা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করেন। দুটি ঘটনাই সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন