ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার রাতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে এম এ মালেককে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির।
এম এ মালেক ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য এবং ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি। পুলিশ জানায়, আন্দোলন চলাকালে হামলার ঘটনায় আহত ও নিহতদের স্বজনেরা একাধিক মামলা দায়ের করেছেন। এমন চারটি মামলার আসামি এম এ মালেক। মামলা দায়ের হওয়ার পর থেকে তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। অবশেষে বুধবার গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, বুধবার চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকা থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান। এন এম জিয়াউল আলমের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য বিক্রির অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে মামলা রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

